আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আজ শেষ দিন শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানি চলছে। সকাল ১০ টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। আজ শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল শুনানি হবে।
এ পর্যন্ত যাদের আপিল নিষ্পত্তি হয়েছে, তারা হলেন- এরশাদুর রহমান (নেত্রকোনা-১, বাতিল) , কামরুল ইসলাম মো. ওয়ালিদুল (ময়মনসিংহ-৪, বাতিল), আলমগীর কবির (ময়মনসিংহ-৯, বাতিল)।
নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।
এদিন জাতীয় পার্টির সাবেক মহাসচিব পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদারসহ ৬৫ জনের আপিল নামঞ্জুর করেন নির্বাচন কমিশন। বিএনপি নেতা ময়মনসিংহ-৪ আসনের আবু জাফর জাহিদ হোসেন (এজেডএম জাহিদ হোসেন), কুড়িগ্রাম-৪ আসনের ইমরান এইচ সরকারও নামঞ্জুরের তালিকায় রয়েছেন।
শুনানিতে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দেয়া হয়েছে। এর ফলে তাদের মনোনয়নপত্র বৈধ রয়ে গেল।
এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৭ জনের আপিল আবেদন অপেক্ষাধীন রাখা হয়েছে। শুক্রবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে পুরো কমিশনের আপিল শুনানিতে এসব রায় দেয়া হয়।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নি কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্দ ব্যক্তিরা ৫৪৩টি আবেদন দায়ের করেন।
তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
বিবি/জেজে


























