বল হাতে দারুণ ভেলকি দেখালেন অলক কাপালি। অকালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া এই অল-রাউন্ডার আজ তুলে নিয়েছেন ৪ উইকেট। এরপরেও খুলনা টাইটান্সের সংগ্রহ দাঁড়িয়েছে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান। কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৪৮ রান করেছেন ওপেনিংয়ে নামা জিম্বাবুয়ে তারকা ব্রেন্ডন টেইলর। পয়েন্ট টেবিলের তলানির এই দুই দলের লড়াইয়ে কার জয় হয় সেটাই এবার দেখার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইটান্সকে দুর্দান্ত সূচনা এনে দেন ব্রেন্ডন টেইলর এবং জুনায়েদ সিদ্দিকী। দুজনে গড়েন ৭৩ রানের উদ্বোধনী জুটি। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৩ করা জুনায়েদকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন অল-রাউন্ডার অলক কাপালি। আল-আমিন ২ রান করে নওয়াজের বলে লিটন দাসের কল্যাণে স্টাম্পড হয়ে যান। নাজমুল হোসেন শান্ত (১৭) দ্বিতীয় শিকার হন নওয়াজের। একপ্রান্ত আগলে দারুণ খেলছিলেন টেইলর। তার ৩১ বলে ৪ বাউন্ডারি ২ ওভার বাউন্ডারিতে ৪৮ রানের ইনিংস থামে অলক কাপালির বলে জাকেরের তালুবন্দি হয়ে।
বল হাতে সিলেট সিক্সার্সের অল-রাউন্ডার অলক আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তার করা ১৩তম ওভারের প্রথম বলে বোল্ড করে দেন আরিফুল হককে (০)। দুই বল পরেই স্টাম্পড হয়ে যান খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ (৩)। ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তাসকিন আহমেদের বলে ৭ বলে ৮ রান করা ইয়াসির শাহ সাব্বিরের তালুবন্দি হন। এই তরুণ পেসারের দ্বিতীয় শিকার ২৫ বলে ৩৮ করা ডেভিড ওয়াইজ। ইনিংসের শেষ বলে রান-আউট হন জুনায়েদ খান। নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৭০ রান।
পয়েন্ট টেবিলে দুটি দলই এখন তলানিতে অবস্থান করছে। ৭ ম্যাচে ২ জয় নিয়ে ৬ নম্বরে সিলেট এবং ৮ ম্যাচে ১ জয় নিয়ে সবার শেষ স্থানটি খুলনা টাইটান্সের। এর আগে দিনের প্রথম ম্যাচে মেহেদী মিরাজের রাজশাহী কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।
বিবি/এসআর

























