দুর্দান্ত পারফর্মেন্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে উড়িয়ে দিল দেশের ক্লাব ফুটবলে নবাগত শক্তি বসুন্ধরা কিংস। আজ বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করা কিংস বাহিনী।
ম্যাচের ২১তম মিনিটে সতীর্থের ফ্লিকের পর মার্কোস দি সিলভা ঠিকঠাক শট নেওয়ার আগেই গোলকিপার শহীদুল আলম সোহেল বল ধরে ফেললে সুযোগ নষ্ট হয় কিংসের। ৬ মিনিট পর দলটির আরেকটি প্রচেষ্টা নষ্ট হয় গোলবারে লেগে। ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট করেন আবাহনীর সানডে চিজোবা। পেনাল্টি শট পোস্টের বাইরে দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আবাহনী ছেড়ে আসা ডিফেন্ডার নাসিরউদ্দিনের গোলেই এগিয়ে যায় বসুন্ধরা ১-০। বিরতির পর ৫৯তম মিনিটে দি সিলভার বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মতিন মিয়া নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ১০ মিনিট পর বখতিয়ার দুইশবেকভের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনদ্রেস।
এই জয়ে দুই ম্যাচে টানা জয় নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। আর দুই ম্যাচ শেষে আবাহনীর জয় একটি। দিনের অপর খেলায় গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কোত দি ভোয়ার ফরোয়ার্ড বালো ফামুসার হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বিবি/এসআর

























