প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) হয়ে দুর্দান্ত মৌসুম শুরু করলেও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়তে হয় নেইমারকে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ১৬ দিন আগে এমন চোটে বড় ধরনের বিপাকে পড়তে হয় পিএসজিকে।
বিশ্বকাপের আগে এমন গুরুতর চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের ম্যানেজমেন্টেও পড়েছিল চিন্তার ভাজ। প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর সেবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার।
আগামী ১২ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপ সেরার লিগের শেষ ষোলর ম্যাচে নামবে পিএসজি। ওল্ডট্র্যাফোর্ডে আতিথেয়তা নেয়ার আগে ফের বড় ধাক্কা খেল ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নর। বুধবার রাতে আগের জায়গাতেই (গোড়ালি) চোট পেয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছেন নেইমার।
ফ্রেঞ্চ কাপে নিজেদের মাঠ পার্ক দো প্রিন্সেসে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল থমাস টুখেলের শিষ্যরা। কোপ ডি ফ্রান্সের খ্যাত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচটিতে মাত্র চার মিনিটের মাথায় গোল করেন পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি।
১-০তে এগিয়ে থেকে স্বাগতিকরা বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে থেকে পুরো মাঠেই আধিপত্য বিস্তার করে। ম্যাচের ৫৬তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় চার্জ করলে গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে চার মিনিটের মাথায় তিনি মাঠ ছেড়ে যান। এসময় কান্না করতে দেখা যায় তাকে।
দলের সবচেয়ে বড় তারকা মাঠে না থাকলেও ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করে ২-০তে জয় এনে দেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া।
ম্যাচ শেষে সাংবাদিকদের পিএসজি কোচ জানান, বর্তমানে ব্রাজিলিয়ান প্রিন্স হাসপাতালেই অবস্থান করছেন।
নেইমারের ইনজুরি নিয়ে টমাস টুখেল বলেন, সে (নেইমার) নিজেও এই ইনজুরি নিয়ে চিন্তিত। কারণ আগের জায়গাতেক নতুন করে চোট পেয়েছেন। চিকিৎসকদের রিপোর্ট দেখেই তার অবস্থা নিশ্চিত করা হবে।
বিবি/জেজে

























