কেউ কেউ তাকে ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা করেন। পেলেও বলেছেন, নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু ব্রাজিলে পেলে-পরবর্তী গ্রেট ফুটবলার বাছাইয়ের জন্য একটি জরিপে শীর্ষ দশেও জায়গা পাননি নেইমার!
নেইমারের ফুটবল ক্যারিয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিন ‘প্লাকার’ একটি ভোটের আয়োজন করে। তারা সেখানে পেলের পর ব্রাজিলের সেরা ১০ ফুটবলার নির্বাচন করতে বলে। এ আয়োজনে ভোট দেন ব্রাজিলের এক লাখ ৬০ হাজার ফুটবল ভক্ত।
কিন্তু ভক্তদের ভোটে সেরা দশেও জায়গা পাননি নেইমার। ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় তিনি ১১ নম্বরে রয়েছেন। অবশ্য পিএসজির এই ফরোয়ার্ড ইতিবাচক ভোটের চেয়ে বেশি পেয়েছেন নেতিবাচক ভোট। সে কারণেই সেরা দশে আসতে পারেননি।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রোনালদো, রোনালদিনহো ও রোমারিও। জিকো, রিভালদো ও কাকা হয়েছেন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। সেরা দশে আছেন পাওলো রবার্তো ফ্যালকাও এবং কারিকাও। ইএসপিএন ব্রাজিল ওই জরিপটি চালিয়েছে।
বিবি/জেজে
























