ভারতের দাবি ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করার কিন্তু সাড়া দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)৷ তবে কাশ্মীর হামলার পর বিশ্বকাপে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দাবি মেনে নিয়েছে আইসিসি।তবে কোনো দেশকে বহিষ্কার করার ক্ষমতা তাদের নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার বোর্ড সচিব অমিতাভ চৌধুরী বলেন, নির্বাহী কমিটির বৈঠকের পর আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর আমাদের স্রেফ জানিয়ে দিয়েছেন-সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়া কোনো দেশকে বয়কট করার এখতিয়ার তাদের নেই।
গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হামলার পর ভারতে পাকিস্তানবিরোধী স্লোগান ওঠে। হামলায় নিহত ৪০ সেনার প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিকভাবে জবাব দেয়ার পাশাপাশি চিরবৈরি পড়শীদের ক্রিকেটেও বয়কটের দাবি তোলেন ভারতীয়রা। ফলে আসন্ন বিশ্বকাপে পাক- ভারত মহারণ নিয়ে সংশয় দেখা দেয়।
পুলওয়ামা কাণ্ডের পর বিশ্বকাপে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা এবং সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়া দেশের বিরুদ্ধে কোনো দেশের খেলা উচিত নয়। এ মর্মে আইসিসিকে চিঠি দেয় বিসিসিআই। প্রথম দাবি মেনে নিলেও দ্বিতীয়টি প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। ভারতীয় বোর্ডের প্রথম দাবি অনুযায়ী, ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। তবে স্রেফ জানিয়ে দিয়েছে, দ্বিতীয়টিতে তাদের কোনো হাত নেই।
আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ-২০১৯। দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপেও সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচ ইন্দো-পাক লড়াই। ১৬ জুন গ্রুপপর্বে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যাট-বলের যুদ্ধ। সার্বিক বিবেচনায় বলা যায়; আবারো বহুল প্রতীক্ষিত ‘যুদ্ধ’ দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
বিবি/রেআ

























