দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে থেমে থাকা লোহার রডভর্তি ট্রাকে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।
স্থানীয়রা জানান, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আমবাড়ীর দিকে আসছিলেন। রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে একসঙ্গে ৩টি মোটরসাইকেলই ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, তিনজনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ





















