সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় তিন বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং তারা দুজনই পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
বিজনেস বাংলাদেশ-/এমএ




















