জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) কমিটির সদস্যরা ঘটনাস্থল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেন। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজিব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে।
তদন্তের শুরুতেই কমিটির সদস্যরা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত ওই নারী অফিস সহকারীর সঙ্গে কথা বলেন তারা। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের পর দুপুর পৌনে ২টার দিকে অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে আগামী রোববার থেকে নতুন করে ৫ দিনের ছুটির আবেদন করেন।
তদন্ত কমিটির সদস্যরা এরপর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের প্রতিনিধি তৌফিক শাহরিয়ার ও বিটিআরসির প্রতিনিধি সাইফুল ইসলাম।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে কাকে কাকে জিজ্ঞেস করা হয়েছে তা এখন বলা যাবে না। তদন্তকারী কর্মকর্তারা চলে গেছেন।
গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী সহকারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করা হয়।
বিজনেস বাংলাদেশ-/এমএ




















