মাত্র ১৯ বছর বয়স তার। সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারের বয়সও তার চেয়ে বেশি। অথচ যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অভিজ্ঞ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন কানাডার নতুন টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কু।
৩-৬, ৫-৭ সেটে কানাডার বিস্ময় কন্যার কাছে হেরে গেছেন সেরেনা উইলিয়ামস।
সে সঙ্গে মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষাও দীর্ঘায়িত হল সেরেনা উইলিয়ামসের। গতবার ফাইনালে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে হাতছাড়া হয়েছিল সপ্তম যুক্তরাষ্ট্র ওপেন শিরোপা। এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি হেরে গেলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে।
ঘরের মাঠে দর্শক সমর্থন সেরেনার দিকে থাকলেও মার্কিন তারকাকে প্রায় হেলায় হারিয়ে দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিলেন ১৯ বছরের বিয়াঙ্কা। ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে এই যুক্তরাষ্ট্র ওপেন দিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা।
তখন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর জন্মই হয়নি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ২০ বছর পর শনিবার সে কোর্টেই মার্কিন তারকার কাছে সুযোগ ছিল মার্গারেট কোর্টের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি। কিন্তু তার জন্য আরও অপেক্ষায় থাকতে হলো সেরেনাকে।
অন্যদিকে সদ্য যৌবনে পা দেওয়া আন্দ্রেস্কুর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে শনিবার রাতে সেরেনা ছাড়াও অন্যতম বড় প্রতিপক্ষ ছিল আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারি।
শেষ পর্যন্ত গ্যালারিসহ সবকিছুকেই জয় করে নিলেন বছর ঊনিশের বিয়াঙ্কা। একই সঙ্গে প্রথম কানাডিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন তিনি। ম্যাচ শেষে মজা করেই তিনি বললেন, সেরেনার ভক্তরা যেন তাকে ক্ষমা করে দেয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















