সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে মোট ২২ হাজার ৯৬ কিলোমিটার সড়ক রয়েছে। সোমবার জাতীয় সংসদে কে এম শাহজাহান কামালের (লক্ষ্মীপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রীর দেয়া তথ্যমতে, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ৬৪ জেলায় সর্বমোট ৩ হাজার ৯০৬ দশমিক ৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৭৬৬ দশমিক ৯১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৪২৩ দশমিক ৩৬ কিলোমিটার জেলা সড়ক রয়েছে।
বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ১১৪
মোশারফ হোসেনের (বগুড়া-৪) প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে বিভিন্ন রোডে চলাচলকারী বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ১১৪।
এগুলো ১৪১টি রুটে চলাচল করে। গত ২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে ঋণ চুক্তির (এলওসি) আওতায় ৬০০টি বাস আমদানি করা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























