ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রামে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে।
উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌযান চলাচলে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সকালে দিকে আবহাওয়া দপ্তেরের পরিচালক শামসুদ্দীন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আশা করা যাচ্ছে আজ রোববার সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।
আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে যেতে আরও দুর্বল হয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবমুক্ত হতে পুরো দিন লাগবে। আশা করা যাচ্ছে সন্ধ্যার মধ্যে বুলবুলের প্রভাবমুক্ত হবে দেশ।
বিশেষ আবহাওয়া বুলেটিনে আরও বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর প্রভাবে আজ সারাদিন বৃষ্টি হবে। তবে আগামীকাল আবহাওয়া স্বাভাবিক থাকবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















