ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৩১৩২টি কাচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ডুবে গেছে ছোট বড় ২ হাজার ২শ’ মৎস্য ঘের। কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
রবিবার বেলা ৯টা থেকে প্রায় ২ ঘণ্টার তান্ডবে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছন।
গাছ পড়ে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কসহ বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে আছে। এদিকে বড়বড় গাছ পড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ ডিজিএম সাইফুল আহমেদ বলেন, ৫৫টি খাম্বা, ২৫টি ক্রসআর্ম ভেঙে গেছে। তার ছিড়ে গেছে ৩৩ কে.ভি লাইনের। ঝুঁকির মধ্যে রয়েছে সাবস্টেশনটিও।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক বাহিনী সড়কের গাছ অপসারণের কাজ করছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও কাজ শুরু করেছে। সার্বিক ক্ষতির হিসেব নিরুপণে আরও সময় লাগবে বলেও ইউএনও জানান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















