ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের বরখাস্ত করা হয়।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বোঝা গেছে, তূর্ণা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। এ কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- ট্রেনের কর্তব্যরত লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে, ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান।
সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে আসা মাত্রই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭৬ জন যাত্রী।
তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















