স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভারতের জাতীয় সংসদ লোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ভারতের লোকসভায় সফরের জন্য সেদেশের স্পিকার ওম বিড়লার আমন্ত্রণপত্র ড. শিরীন শারমিন চৌধুরীকে হস্তান্তর করেন।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর এমপির সঙ্গে সংসদে তাঁর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমন্ত্রণ পৌঁছে দেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলীকে আশ্বস্ত করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ জাতীয় সংসদ সফরের জন্য আমন্ত্রণ জানাবেন বলে ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























