সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছে। এ সময় দোকানপাট ও বিএনপি অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রোববার ( ৮ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে (বিএনপি অফিসের পাশে) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিজয় র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে র্যালিটি কলেজ থেকে বের হয়ে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে পৌঁছালে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫-২০টি দোকানপাট ভাঙচুরসহ বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উভয় দলের অন্তত ৭০ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শহর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করার সময় বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে দলের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি অফিসের পাশে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় পূর্ব পরিকল্পতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ছাড়া বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।
সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

















