দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মাঝেই শুরু হয়েছে দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনি নামক এলাকায় শুটিং-এ অংশ নেন মনোজ প্রামাণিক ও সামিনা বাশার। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে। ছবির ৭০ ভাগ শুটিং হবে সুন্দরবনে—এমনটাই জানালেন পরিচালক।
সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করবেন। এই সিনেমার মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রিয়াজ। তাসকিনকে প্রথম সিনেমায় দেখা গেছে দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যটাক সিনেমায় এবং এ দিয়েই তাসকিন খলনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেন।
এ সিনেমায় তাসকিন থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া আছেন রোশান, ডিপু ইমাম, এহসানুর রহমানসহ অনেকে। তারা শনিবার থেকে শুটিং-এ অংশ নেবেন।
এমন আবহাওয়ার মধ্যে সুন্দরবনে শুটিং, এটি কতটা চ্যালেঞ্জিং? জবাবে দীপংকর দীপন বলেন, শীত ও ঘন কুয়াশার পার্ট আছে এই চলচ্চিত্রে। এই কারণেই শীতে ছবির শুটিং শুরুর পরিকল্পনা করেছি। এমন পরিস্থিতিতে ঠিকঠাকভাবে কাজ করাটা এক ধরনের চ্যালেঞ্জ, তবে আমার বিশ্বাস খুব সুন্দর কিছু দৃশ্য ক্যামেরার ফ্রেমে তুলে আনতে পারবো।
এর আগে গাজীপুরে র্যাব প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম ও রোশান। এরপর ঢাকায় অভিনয়শিল্পীদের নিয়ে একটি মহড়ার আয়োজন করা হয়। সেখানে প্রায় সব অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন। পরিচালক দীপংকর দীপন সবাইকে স্ক্রিপ্ট বুঝিয়ে দেন ওই সময়।
সিনেমাটি নিয়ে দীপন বলেন, সুন্দরবনে এক সময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না। এখন সুন্দরবন দস্যু শূন্য।এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। সাতক্ষীরায় সিনেমাটির শুটিং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি পর্যন্ত খুলনায় শুটিং হবে।
পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন আগামী ঈদুল আযহায় অপারেশন সুন্দরবন মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























