দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু।
জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
তিনু করিম দুই যুগ ধরে অভিনয়ে ছিলেন। তিনি ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এর পর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়েই তিনি বেশি পরিচিতি পান।
ডিএস./






















