মধুচন্দ্রিমা শেষে পত্নী মিথিলাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন সৃজিত মুখার্জি। কথায় আছে, ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’। তাইতো সৃজিত ফুরফুরে মেজাজে যেমন সময় পার করছেন, তেমনি চলছে ভূরিভোজ। আর এ খবর সৃজিত নিজেই দিলেন তার টুইটার অ্যাকাউন্টে।
খাবারের ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।’
বাঙালি সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ জামাই আদর। নতুন জামাই সৃজিতকেও আপ্যায়নে কমতি রাখেননি তার শ্বশুর-শাশুড়ি। তবে জামাই আদর একাই পাচ্ছেন না সৃজিত। সঙ্গে রয়েছেন ‘ভায়রা ভাই’ অভিনেতা ইরেশ যাকের। কারণ মিথিলার ছোট বোন জাকিয়া রশিদ মিমের বর ইরেশ।
অন্যদিকে বর সৃজিতের সঙ্গে তোলা ইরেশ যাকেরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘‘সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ সিনেমা থেকে, ‘মোরা দুজন রাজার জামাই’ আর হ্যাশট্যাগ, ‘ভায়রা ভাই’।’’
নানা নাটকীয়তার পর গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। পরের দিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুদূর সুইজারল্যান্ডে। সেখান থেকে গ্রীসেও যান এই দম্পতি। মধুচন্দ্রিমা শেষে সম্প্রতি দেশে ফিরেন এই জুটি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























