রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পাবনা থেকে পাথর বোঝায় একটি ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজারঘাট এলাকায় আসছিল। ট্রলারটি অন্তর মোড় এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝায় থাকায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মাঝিসহ ১০ জন শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চার উঠতে পারেননি।
নিখোঁজ চারজনের বাড়ি সিরাজগঞ্জে। তারা হলেন সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০), আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক (৪০), আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনার পর আমরা গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে নিখোঁজদের উদ্ধারের জন্য কাজ করি। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের কাউকে উদ্ধার করতে পারিনি। শনিবার সকাল থেকে উদ্ধারকারী যান হামজা আসার পর আবার উদ্ধার অভিযান শুরু হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান





















