বাংলাদেশের চলচ্চিত্রে হতাশার আরো এক বছর পার হতে চলেছে। আর মাত্র কয়েকদিন পরেই নতুন বছরের শুরু। চলতি বছর বলতে গেলে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে চলচ্চিত্রাঙ্গণ। অভিনেত্রী-অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রপ্রেমীদের মনে চলচ্চিত্র নিয়ে হতাশায় কেটেছে ২০১৯। এই হতাশার মাঝেও কয়েকজন নায়িকা বছরজুড়ে আলোচনায় ছিলেন। এদের নিয়েই বিজনেস বাংলাদেশের এবারের আয়োজন।
জয়া আহসান
জয়া আহসান এ বছরের সবচেয়ে আলোচিত ও সফল নায়িকা। চলতি বছর তার অন্যতম আলোচিত ছবি ‘কণ্ঠ’। যদিও এটি সম্পূর্ণ কলকাতার ছবি। কিন্তু সাফটা চুক্তির আওতায় ৮ নভেম্বর এটি মুক্তি পায় বাংলাদেশে। এই প্রথম জয়া অভিনীত কোনো ভারতীয় ছবি বাংলাদেশের হলে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিতে জয়া একজন স্পিচ থেরাপিস্ট।
কণ্ঠ হারিয়ে বিপর্যন্ত বাচিক শিল্পীকে কথা বলার নতুনভাবে অনপ্রেরণা জোগাতে দেখা গেছে তাকে। ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে এ বছর প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণও করেছেন তিনি। এছাড়াও দুই বাংলায় কাজের সুবাদে বছরজুড়েই আলোচনায় রয়েছেন জয়া আহসান।
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পায় এ বছর। এটি পরিচালনা করেন গোলাম সোহরাব দোদুল। ছবিতে মিমের চরিত্র দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। এ ছবির মাধ্যমে বিশেষভাবে আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা। এছাড়া চলতি বছরে তিনি কাজ করেছেন ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ নামক চলচ্চিত্রে। এই নতুন চলচ্চিত্র দুটির কাজও তাকে আলোচনায় রেখেছে।
পরীমনি
ঢাকাই চলচ্চিত্রে গ্ল্যামারগার্ল নায়িকা পরীমনি। চলতি বছর পরীমনি অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। তবে তিনি নানাভাবে আলোচনায় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু স্থিরচিত্রও হয়েছে ভাইরাল। বছরের শেষে এসে তিনি আলোচনায় চলে আসেন ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের জন্য।
এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু পরিচালক এর মুক্তি পিছিয়েছেন। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে জমা পরলেও অসম্পূর্ণতার কারণ দেখিয়ে সেন্সর আটকে গেছে পরীমনি অভিনীত এই ছবিটি।
শবনম বুবলি
বছর শেষে আলোচনায় আসেন শাকিব খানের নায়িকা বুবলি। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে তিনি অভিনয় করেছেন ১১টি ছবিতে। কিন্তু এবারই প্রথম অন্য নায়কের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রাঙ্গণে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। ছবির নাম ‘ক্যাসিনো’, এটির পরিচালক সৈকত নাসির। ছবিতে তার নায়ক হিসাবে কাজ করছেন নিরব।
পূজা চেরি
কাজ দিয়েই আলোচনায় আছেন পূজা চেরি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’। শেষ করেছেন ‘জ্বীন’ ছবির কাজ। ছবির পোস্টারে একেবারে ভিন্ন রকমের এক পূজা চেরিকে দেখা গেছে। এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘সময়’ ও ‘সাইকো’ নামের দুই ছবিতে। দুটি ছবিরই পরিচালক অনন্য মামুন।
পূর্ণিমা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা। সিনেমার মানুষ হয়েও বছরব্যাপি আলোচনায় ছিলেন উপস্থাপনা ও স্যোসাল মিডিয়ায় টিকটক প্রকাশ করে। তবে বছরের শেষের দিকে দীর্ঘ বিরতি ভেঙে একসঙ্গে দুটি চলচ্চিত্রে কাজ শুরু করে নতুন করে আলোচনায় আসেন তিনি। ‘গাঙচিল’, ‘জ্যাম’ নামের দুটি চলচ্চিত্রই নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























