দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রায় চার মাস ধরে ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে ডাক্তার লিম সুন থাই এর অধীনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর চিকিৎসা সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী এবং শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরাও এগিয়ে এসেছেন।
গত ১০শে ডিসেম্বর লন্ডনের সংগীত শিল্পী এবং যন্ত্রশিল্পীরা তার চিকিৎসা সহায়তায় একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠান থেকে গত ২৪ এবং ২৬শে ডিসেম্বর দু’দফায় মোট ৪ লক্ষ টাকা তার চিকিৎসার জন্য প্রদাণ করা হয়। বিষয়টি এন্ড্রু কিশোর নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
তিনি আরো জানিয়েছেন গত ২০শে ডিসেম্বর আমেরিকায় বসবাসরত যন্ত্রশিল্পী, সংগীতশিল্পী ও বেশ কয়েকজন আয়োজকদের উদ্যোগে তার চিকিৎসা সহায়তায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে তাকে ইতিমধ্যে ৪৬৮২ ডলার প্রদান করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরো কিছু টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এদিকে বর্তমানে কিছু শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় কিছু পরীক্ষা নীরিক্ষার জন্য প্রায় মাস খানেক ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। ফলে তার পরবর্তী কেমোথেরাপি গ্রহণে বিলম্ব হচ্ছে।
এই সমস্যা কাটিয়ে উঠলে পুনরায় কেমোথেরাপি শুরু হবে। কিংবদন্তি এই শিল্পীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।
বিজনেস বাংলাদেশ/বি এইচ


























