ওমরাহ হজ পালন করলেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তার সঙ্গে ছিলেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (২ জানুয়ারি রাতে) পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।
পূর্ণিমার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন, পাশে তার মা। একটা সাদা রঙের বোরকা পরে আছেন পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।
৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পূর্ণিমা। সে সময় সবার কাছে দোয়া চেয়েছেন। আগামী ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রীর।
পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা রয়েছে নির্মাণাধীন। হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না, এমন প্রশ্নে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। অভিনয় এখনই ছাড়ব না।’
খ্যাতিমান নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ মুভি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা সব নায়কের বিপরীতে কাজ করে সফল হয়েছেন।
পূর্ণিমা উল্লেখযোগ্য মুভিগুলোর মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘জামাই শ্বশুর’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘যোদ্ধা’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘শাস্তি’, ‘শোভা’ ইত্যাদি। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ মুভির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি সেরা অভিনেত্রী হিসেবে।
বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি মুভিতে কাজ করছেন পূর্ণিমা। তার মধ্যে ‘গাঙচিল’ মুভিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’-এ তার নায়ক আরিফিন শুভ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























