গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘দাবাং-৩’। তবে ছবির প্রথম দিনের কালেকশন সালমানের শেষ কয়েকটি ছবির নিরিখে সবচেয়ে কম। এনআরসি (নাগরিকপঞ্জী) এবং সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন)-এর জন্য দেশজুড়ে প্রতিবাদের জেরে ব্যবসা নাকি তেমন হয়নি বলেও জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
শুধুই কি তা-ই? ওই ছবির এক সপ্তাহ পরে মুক্তি পাওয়া ‘গুড নিউজ’ কিন্তু অক্ষয় কুমারের জন্য বছর শেষেও সুখবরের ধারা অক্ষুণ্ণ রাখল। গত বছরে মুক্তি পেয়েছে অক্ষয়ের চারটি ছবি- ‘কেশরী’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল-৪’, ‘গুড নিউজ’। শেষ ছবিটি এখনো হলে চলছে।
‘কেশরী’ ধুন্ধুমার হিট না হলেও ক্ষতি পুষিয়ে দিয়েছে ‘মিশন মঙ্গল’ ও ‘হাউসফুল-৪’-এর ব্যবসা। ‘গুড নিউজ’ এক’শো কোটির ক্লাবে সদ্য পা রেখেছে। প্রথম দিন থেকেই ছবির কালেকশন ভাল।
লক্ষ্যণীয় বিষয়, অক্ষয়ের চারটি ছবি চার ভিন্ন ঘরানার। প্রোপাগান্ডা ছবি করে তিনি সমালোচিত হন। তবে বক্স অফিসে তা হিট। পাশাপাশি ‘হাউসফুল-৪’ এর মতো কমেডিও ছবিও ব্যবসা করেছে।
গত দু’বছরের মতো এ বছরেও অক্ষয়ের এই দাপট দেখে হতবাক অভিনেতা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেছেন, আমি নিজেও বিশ্বাস করতে পারি না, আমার ছবি এত টাকার ব্যবসা করেছে। হতবাক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও।
এ বছর সালমান খানের ‘দাবাং-৩’ ছাড়াও রিলিজ হয়েছিলো ‘ভারত’। এর কপাল গত বছরের ‘রেস-৩’র মতো খারাপ না হলেও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো হতে পারেনি। সালমানের শেষ বাম্পার হিট ছবি ছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া টাইগারের সিক্যুয়েল।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























