‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’-স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ২১ দিনব্যাপি ‘বাংলাদেশ সংস্কৃতিক উৎসব ২০২০’।
শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। শিল্পকলা একাডেমির ‘উন্মুক্ত প্রাঙ্গণ’ এবং ‘নন্দন মঞ্চে’ পরিবেশনা হচ্ছে।
এই উৎসবে দেশের ৬৪ জেলা, ৬৪ উপজেলা এবং জাতীয় পর্যায়ের শিল্পী এবং সংগঠনের সদস্যরা অংশ নিচ্ছেন। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
অনুষ্ঠানের সূচিতে জেলাভিত্তিক প্রামাণ্য চিত্র, লোকনাট্য, বিষয়ভিত্তিক গান, যাত্রাপালা, লোকসংগীত রয়েছে।
নন্দনমঞ্চে শিল্পকলা একাডেমির জাতীয় পর্যায়ের অ্যাক্রোবেট শিল্পীদের ‘অ্যাক্রোবেটিক প্রদর্শনীর’ মধ্য দিয়ে শনিবার উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা শুরু হয়।
প্রথম পর্বে উন্মুক্ত প্রাঙ্গণে জব্বারের বলীখেলা হয়। বলীখেলায় চ্যাম্পিয়ন হন কক্সবাজারের চকোরিয়া উপজেলায় তারিকুল ইসলাম জীবন। রানার আপ হন একই এলাকার আক্তার হোসেন।
নন্দমঞ্চে রাজশাহী জেলার অঞ্চলভিক্তিক সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এখানে দ্বিতীয়পর্বে কুমিল্লা শিল্পকলা একাডেমির পরিবেশনা হচ্ছে; যার শুরুতে রয়েছে সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল নির্মিত ‘ঐতিহ্যে-গৌরবে, কুমিল্লা’ শীর্ষক প্রামাণ্যচিত্র।
কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ জানান, কুমিল্লার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রামাণ্যচিত্রের পাশাপাশি যন্ত্র সংগীত, দলীয় সংগীত, একক সংগীত ও নৃত্য পরিবেশিত হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























