জট পাকানো চুল, চোখে সানগ্লাস, সবই যেন দর্শনীয়! এই সবকিছুর চেয়ে দর্শনীয় তার ব্যাটিং। বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক। ব্যাটিং যদি হয় বিনোদন, তাহলে টি-টোয়েন্টিতে সেই বিনোদনের সবচেয়ে বড় ফেরিওয়ালা ক্রিস গেইল। বঙ্গবন্ধু বিপিএলের শেষ কয়েকটি ম্যাচ খেলতে এই ক্যারিবীয় ব্যাটিং দানব এখন ঢাকায়।
চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলতে সোমবার (৬ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পা রাখেন ক্রিস গেইল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে খবরটি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, আজ দুপুরেই বন্দরনগরীর দলটির অনুশীলনে যোগ দেবেন গেইল। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হওয়া বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচে দেখা যাবে এই উইন্ডিজ মহাতারকাকে।
তবে গেইল আসলেও দেশে ফিরে যাবেন দুই ক্যারিবীয় তারকা লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস। উইন্ডিজ জাতীয় দলে খেলতে চলে যাবেন এই দুই ক্রিকেটার। মঙ্গলবার শেষ ম্যাচ খেলবেন সিমন্স ও উইলিয়ামস।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে গেইল ৩৮ ম্যাচ খেলে ৪১.৮১ গড়ে ১৩৩৮ রান করেছেন। বিপিএল ইতিহাসে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারো তার থেকে এমন কিছুরই প্রত্যাশা চট্টগ্রামের।
তবে এবারের বিপিএল নিলামে প্রথম ডাকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে নিয়ে নেয়ার পর গেইলের নাম কীভাবে ড্রাফটে গেল, তা নিজেও জানেন না বলে বিস্ময় প্রকাশ করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তার এই বক্তব্য বিস্মিত করে সবাইকেই। পরে অবশ্য দুই পক্ষের যোগাযোগে ফায়সালা হওয়ার পর জানা যায় বঙ্গবন্ধু বিপিএলের শেষদিকে দেখা যাবে গেইলকে। অবশেষে এলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























