ডম সিবলি, ইংল্যান্ড টেস্ট দলে সদ্য সুযোগ পাওয়া ওপেনার। নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই ক্রিকেটার। আর সিবলি ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়ায় বিশাল অর্থের জুয়া জিতলেন কেনেথ ম্যাকেঞ্জি। সম্পর্কে যিনি ডম সিবলির নানা। ২০১১ সালে ইংল্যান্ডের একটি জুয়ার ক্লাবে ম্যাকেঞ্জি এই ক্রিকেটারকে নিয়ে বাজি লাগান।
নানা ম্যাকেঞ্জির দৃঢ় বিশ্বাস ছিল সিবলি ইংল্যান্ড দলে খেলবে। এজন্য উইলিয়াম হিলি বেটিং শপ ক্লাবে দুটি বাজি লাগিয়েছিলেন কেনেথ ম্যাকেঞ্জি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট সিবলির ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ। চার টেস্টের সাত ইনিংসে ১টি শতকে ২৩৮ রান করেন তিনি। আর শতকটি হাঁকান শেষ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে জেতা ম্যাচে। এই ২৪ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে তার নানা ম্যাকেঞ্জি দুটি বাজিতে মোট ২১ হাজার ইউরো জেতেন।
বাংলাদেশি অর্থমূল্যে যা ২৪ লাখ টাকার মতো। ২০১১ সালে সিবলির প্রতিভা দেখে এই বাজি লাগান তার নানা ম্যাকেঞ্জি। আর বাজি লাগানোর বছরই মারা যান এই ক্রিকেটারের নানা।
ডম সিবলি টেস্টে সুযোগ পাওয়ার পর ঐ জুয়ার ক্লাব থেকে তার মাকে ফোন দেয়া হয়। আর জুয়ায় জেতা অর্থগুলো নিয়ে যেতে বলা হয়। এই ক্রিকেটারের মা ক্রিস্টিয়ান সিবলি বলেন, ‘নিশ্চয়ই আমার বাবা সিবলি ক্রিকেটার হওয়াতে ভীষণ খুশি হতেন।
ঠিক এই মুহূর্তে তিনি নেই। তাই এই আনন্দের সময় দুঃখবোধ কাজ করছে। তবে সিবলির নানা নিশ্চয় এই বাজি জিতেছেন দেখলে আনন্দিত হতেন।’
২০১৩ সালে টিনেজার হিসেবে চ্যাম্পিয়নশিপে দ্বিশতক হাঁকিয়ে প্রথম আলোচনায় আসেন ডম সিবলি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























