বিগত একাদশ সংসদ নির্বাচনে বার বার নোট অব ডিসেন্ট (ভিন্নমত পোষণ করা) দিয়ে বার বার আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এবার সিটি নির্বাচনে ইউ নোট দিয়েছেন।
সিটি নির্বাচনে প্রচার ও ভোট কার্যক্রমে সংসদ সদস্যরা অংশ নিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। এ বিষয়ে তিনি ইউ নোট (আন-অফিসিয়াল নোট) দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ প্রসঙ্গে’ শিরোনামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম (উত্তর) ও আব্দুল বাতেনের (দক্ষিণ) কাছে ইউ নোটটি দিয়েছেন।
নোটে তিনি লিখেছেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচারকার্যে মাননীয় সংসদ সদস্যগণ অংশগ্রহণ করছেন। এটি সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর লঙ্ঘন। উক্ত বিধিমালায় উল্লেখ করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ‘নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’ এমতাবস্থায় তারা কীভাবে এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তা বোধগম্য নয়,’।
তিনি আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা যাতে অংশগ্রহণ না করেন, সে বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম আগামী নিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। তবে লিখিত কিছু পাইনি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















