জাতীয় দলের পাইপ লাইন সমৃদ্ধ করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট’। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ৫৫৬ স্কুলের প্রায় ১১ হাজার খুদে ক্রিকেটার।
শনিবার (১১ জানুয়ারি) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেছেন, ‘স্কুল ক্রিকেট আস্তে আস্তে তার ঐতিহ্য ফিরে পাচ্ছে। এবারের যুব বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ দলের তিন ক্রিকেটারের অভিজ্ঞতা আছে স্কুল ক্রিকেট খেলার। বয়সভিত্তিক সব জাতীয় দলে এখন স্কুল ক্রিকেটে খেলা খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে।’
পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘প্রতি বছর রেকর্ডসংখ্যক খুদে ক্রিকেটার অংশ নেয় স্কুল ক্রিকেটে। এবার বঙ্গবন্ধুর নামে হবে স্কুল ক্রিকেট। তাই এবারকার আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।’
৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের ৯৬০ ম্যাচ।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টে প্রতি বছরের মতো এবারও পৃষ্ঠপোষকতা করছে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। গত চার বছর ধরে এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে তারা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























