‘দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।’
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএম এর বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নির্বাচন কেমন হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান এবং সমবেদনা প্রকাশ করেন।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, কোষাদক্ষ শ্যামল দত্ত, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন হাজী, মহাসচিব এম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























