আজীবন রেশন সুবিধা পাবে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা দিয়ে অর্থ বিভাগ গত বুধবার অফিস আদেশ জারি করেছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য ওইদিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বর্তমানে পুলিশের কনস্টেবল থেকে শীর্ষপদ পর্যন্ত চাকরিতে প্রবেশের দিন থেকে অবসরোত্তর ছুটি পিআরএল পর্যন্ত রেশন সুবিধা পাচ্ছেন। একই সুবিধা ভোগ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিজিবি, আনসার, কারারক্ষী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরাও।
অবসরের পর পুলিশ সদস্যরা দুই সদস্যের পরিবারের জন্য প্রতি মাসে ২০ কেজি চাল ও ২০ কেজি আটা রেশন পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সম্মতিপত্রে এ তথ্য জানা যায়। সম্মতিপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে।
মাসে ২০ কেজি চাল ও ২০ কেজি আটা ছাড়াও সাড়ে চার কেজি ভোজ্যতেল, দুই কেজি ডাল পাবেন। তবে পরিবারের সদস্যসংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশনসুবিধা পাবেন।
সম্মতিপত্র থেকে জানা যায়, কিছু শর্ত সাপেক্ষে সরকার কর্তৃক ভর্তুকিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের রেশন প্রদানে সম্মতি দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে- যারা চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গেছেন বা যাবেন তারা এ সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলঙ্গ সন্তান আজীবন এ সুবিধা পাবেন।
পরিবারের সদস্য যা-ই হোক না কেন, শুধু দুজন সদস্য এই সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী উভয়ই পুলিশ বাহিনীর সদস্য হলে অথবা ভিন্ন ভিন্ন রেশনসুবিধা সংবলিত দপ্তর, সংস্থায় কর্মরত হলে তাদের যেকোনো একজন যত দিন কর্মরত থেকে পারিবারিক রেশন সুবিধা ভোগ করবেন তত দিন পর্যন্ত তাদের কেউ বা পরিবারের কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।
এ বাবদ প্রয়োজনীয় ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য ভর্তুকি খাত থেকে মেটাতে হবে উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করতে হবে। আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















