পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামের নির্জন বিলে হাতুরি পেটা করে আশঙ্কাকাজনক অবস্থায় ফেলে যাওয়া মোকলেস খান (৪০) মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোকলেস চর আলিমাবাদ গ্রামের মুজাম খানের ছেলে।
নিহতের ভাই খবির খান বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনী উপজেলার মোল্লার হাট বাজার থেকে মোকলেস নিজ বাড়ী মুলাদীর চর আলামিবাদ গ্রামে আসছিল। এ সময় তাকে ধরে নির্জন বাগানে নিয়ে যায় হামলাকারীরা।
সেখানে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ফেলে রাখে। স্থানীয়রা মোকলেসকে চিনতে পেরে আমাদের খবর দেয়। সেখান থেকে মোকলেসকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মোকলেস মারা যায়।
স্থানীয় মেম্বর মোবারক সিকদার বলেন, ২০১৮ সালের ৯ মার্চ উপজেলার নাজিরপুর গ্রামের প্রিন্স হত্যার আসামী ছিল মোকলেস। সে জামিনে মুক্ত হওয়ার পরপরই প্রিন্স গ্রুপের লোক আলতাফের বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আলতাফ বাদী হয়ে মোকলেস এবং তার তিন ভাইসহ ২৬ জনকে আসামী করে মুলাদী থানায় মামলা দায়ের করেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে আলতাফ ও মোকলেসগং গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আলতাফ বাহিনী পরিকল্পিতভাবে মোকলেসকে হত্যা করেছে বলে মোকলেসের স্বজনদের ধারণা।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি জানতে পেরে একদল পুলিশ নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রকৃত অপারাধীদের ধরতে চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















