অনূর্ধ্ব-১৯ দলের কাছে বিশেষ করে তারা যেভাবে একাগ্রতা দেখিয়ে আইসিসি যুব বিশ্বকাপ জয় করেছে তা থেকে জাতীয় দলের অনেক কিছু শেখার আছে। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকার মাটিতে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ে পুরো বাংলাদেশ যেদিন আনন্দে ভেসেছে, সেদিনই মুমিনুলের দল পাকিস্তানের কাছে আরেকটি ইনিংস ব্যবধানে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জাতীয় দল অন্তত ইনিংস ব্যবধানের পরাজয় এড়াবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা হয়নি। আগের দিনের সঙ্গে মাত্র ৪২ রান যোগ করে ১৬৮ রানে অলআউট হয়ে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে পরাজিত হয় টাইগাররা।
টেস্ট ক্রিকেটে এটা ছিল বাংলাদেশ দলের টানা ষষ্ঠ পরাজয়, যার মধ্যে পাঁচটি রয়েছে ইনিংস ব্যবধানের হার। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর টানা তৃতীয় ইনিংস পরাজয়ের কারণে বেশ হতাশ মুমিনুল। তবে জুনিয়র দলকে অভিনন্দন জানাতে দ্বিধা বোধ না করে তিনি আরো বলেন, অনূর্ধ্ব-১৯ দলের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুমিনুল বলেন,‘জুনিয়র কিংবা সিনিয়র, আপনি সবার কাছ থেকেই শিখতে পারেন। কিভাবে ভাল করা যায়- সে বিষয়ে তারা কিছু ধারণা দিয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই। টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি করতে হবে।’
তিনি আরো বলেন,‘তারা সত্যিই কঠোর লড়াই করে ম্যাচে ফিরেছে। আমাদের উচিত তাদের কাছ থেকে শিক্ষা নেয়া। তাদের কাছ থেকে আমাদের আরো একটি বিষয় শিক্ষণীয় আছে-তা হচ্ছে প্রতিটি মুহূর্তে তাদের বিশ্বাসটা কেমন ছিল। ’
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























