গত বছরের আগস্টে ভাইটালিটি ব্লাস্টে মিডল সেক্সের হয়ে এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে দলে ভেড়েন মোহাম্মদ হাফিজ। ডানহাতি এ অলরাউন্ডারের বোলিং সুবিধাও ব্যবহার করে দলটি। তবে মাঠের আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলেন।
পরবর্তীতে ইংল্যান্ডে তার পরীক্ষা করা হয়। যেখানে দেখা যায়, বোলিং এর সময় তার কনুই ১৫ ডিগ্রীর বেশি ভাঙে। সেই থেকে ইংল্যান্ডে বোলিংয়ের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল হাফিজের।
তবে ক্যারিয়ারে বারবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভুগতে থাকা মোহাম্মদ হাফিজ আবারও মুক্তি পেয়েছেন। নতুন পরীক্ষায় তার বোলিংয়ে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
লাফব্রো বিশ্ববিদ্যালয় ও লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারের মূল্যায়ন পরীক্ষায় পাস করেছেন হাফিজ। ফলে ৩৯ বছর বয়সী এই স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে।
পাকিস্তানের এই সাবেক অধিনায়ক দেশের হয়ে এ পর্যন্ত ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























