স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ওরফে পিউয়ের সঙ্গে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন তাদের বিষয়ে তদন্ত চলছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযান এখনো অব্যাহত রয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার ও আদালতের নিজস্ব এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে আদালত যা করছেন সেটা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























