ওবায়দুল কাদের নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়ার পেছনে যারা আছে, তারাও নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত, তারা নজরদারিতে আছে। পাপিয়াদের পেছনে যারা আছেন, তারাও নজরদারির বাইরে নন। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
শনিবার (২৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের যে প্রান্তেই হোক, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে দলের লোকজনও যদি জড়িত থাকে, তারাও রেহাই পাবে না। তারা নজরদারিতে চলে এসেছে। থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া এসব অপকর্মের পেছনে যারা কলকাঠি নাড়ছে, তারাও রেহাই পাবে না।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ
























