জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সফরকারিদের উড়িয়ে দেয়ায় আত্মবিশ্বাসী স্বাগতিকরা। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে।
এদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। ম্যাচ জয় কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে টাইগাররা।
তাই প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেলেও পরের দিনই অনুশীলন করেন দলের বেশ কজন ক্রিকেটার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুর থেকে ঘন্টাখানেক ঘাম ঝরান। প্রথম ওয়ানডেতে ওপেনার লিটন দাশের সেঞ্চুরির পরও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে পারেনি। এসব দিক মাথায় রেখে দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























