রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ১-০ তে জিতে লা লিগা আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। পেনাল্টিতে ম্যাচের একমাত্র গোলটি করেন বার্সার প্রাণভোমরা মেসি। এই জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে কাতালানরা।
খেলা শুরুর মিনিট দশেকের মাথায় গোলের দারুণ সুযোগ তৈরি করেন মেসি। কিন্তু মেসির শট আটকে দলকে রক্ষা করেন সোসিয়েদাদের গোলরক্ষক। ১৪ মিনিটের মাথায় আবারও গোলের সুযোগ। এবারও বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখে রিয়াল সোসিয়েদাদ। ৮১ মিনিটের মাথায় নিজেদের ভুলে বিতর্কিত এক পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি মেসি।
ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাউন্টার এটাকে দারুণ এক গোল পায় বার্সা। প্রায় মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো পাস খুঁজে নেয় ফাতিকে। ফাতির বাড়ানো বল সামান্য দূর থেকে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান আলবা। কিন্তু ভিএআর চেকিংয়ে সেই গোল বাতিল হয়।
এ জয়ের মধ্য দিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল কাতালানরা। ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ ২১ ম্যাচের সব কটিতেই জিতেছে বার্সেলোনা। আর এই মাঠে সোসিয়েদাদ শেষবার বার্সেলোনার বিপক্ষে হার এড়াতে পেরেছে সেই ১৯৯৫ সালে (১-১)।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























