আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসটি স্বরণীয় করে রাখল অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা অক্ষুন্ন রাখল অজি নারীরা।
রবিবার শিরোপা লড়াইয়ে ভারতকে ৮৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এ নিয়ে পাঁচবার নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল অজি নারীরা।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা। ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে অজিদের দারুন সূচনা এনে দেন দুই ওপেনার হ্যালি ও মোনি। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন এই দুই নারী। ৩৯ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে হ্যালির বিদায়ের পর মোনিও তাণ্ডব চালান।
দলীয় ১১৫ রানে ওপেনিং জুটি ভাঙলে অধিনায়ক মেগ ল্যানিংকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মোনি। ১৫ বলে ১৬ রানে ল্যানিং বিদায় নিলেও ৫৪ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মোনি।
১৫৪ রানে দ্বিতীয় উইকেট পতনের পর গার্ডনার ও হেইনেসকে সঙ্গে নিয়ে দলীয় ১৮৪ রান পর্যন্ত অপরাজিত থাকেন মোনি। তার ৭৮ রানের ইনিংসটি ছিল ১০টি চারের সমন্বয়ে। ভারতের হয়ে ৩৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন দীপ্তি শর্মা।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৯৯ রানে অলআউট হয় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে দীপ্তি শর্মা। এছাড়া ভেদা ১৯ এবং রিচা ঘোষ করেন ১৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে মেগান শাট ১৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। জেস জোনাসেন ২০ রানে তিনটি উইকেট শিকার করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























