আগামী শুক্রবার থেকে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই সিরিজে নিজেদের পুরনো জার্সিতে মাঠে নামবেন দুই দলের ক্রিকেটাররা। সময়ের হিসেবে প্রায় দুই দশক আগে এসব জার্সি পড়ে মাঠ মাতাতে দেখা গেছে দুই দেশের ক্রিকেটারদের।
নিউজিল্যান্ড নামবে তাদের ১৯৯৮ সালের জার্সিতে। এই জার্সি পরে খেলেছেন অ্যাডাম প্যারোরে, ক্রিস হ্যারিস, ম্যাথু হর্ন, ড্যানিয়েল ভেট্টোরি, ডিওন ন্যাশ, নাথান এ্যাস্টল, ক্রেইগ ম্যাকমিলান, জিওফ অ্যালটদের মতো ক্রিকেটাররা।
সবশেষ ২০০০ সালে কেনিয়ার রাজধানী নাইরোবির জিমখানা ক্লাব মাঠে তৎকালীন আইসিসি মিনি বিশ্বকাপের (বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি) দ্বিতীয় আসরে এই জার্সি পরে খেলেছিল কিউইরা। সে আসরের চ্যাম্পিয়নও হয়েছিল তারা।
অন্যদিকে ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত শতাব্দীর শেষ বিশ্বকাপের জার্সি পরে খেলবে অজিরা। সেই বিশ্বকাপে স্টিভ ওয়াহর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা সেই দলে খেলেন মাইকেল বেভান, মার্ক ওয়াহ, এডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, পল রাইফেল, টম মুডি, ব্রেট লিদের মতো ক্রিকেটাররা। সেই বিশ্বকাপ জেতার পর পরবর্তীতে আর কখনো সেই জার্সি ব্যবহার করতে দেখা যায়নি অজি ক্রিকেটারদের।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























