যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত H. E. Mr. Pham Viet Chien।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ দপ্তরে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। ক্রিকেট, ফুটবল, হকি, আরচ্যারী বাংলাদেশের সম্ভাবনাময় খেলা।
তিনি আরও বলেন, ভিয়েতনামের সঙ্গে পর্যটন বিষয়ে বাংলাদেশ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
প্রতিমন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক। আমাদের যুব সমাজ খুবই মেধাবী। আমরা তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিভিন্ন ট্রেডে আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষন প্রদান করছি।
আমরা দুদেশের যুব বিনিময় কার্যক্রমসহ আমাদের দক্ষ ও কর্মঠ জনশক্তি রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। আমরা ক্রীড়ার উন্নয়নে দুদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।
রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার প্রথমদেশ হিসেবে ভিয়েতনামকে বাংলাদেশের স্বীকৃতি জানানোর গৌরবময় স্মৃতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ভিয়েতনাম সফরের উষ্ণ আমন্ত্রন জানান। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























