খারাপ সময় যেনো পিছু ছাড়ছে না ইমরুল কায়েসের। জাতীয় দল থেকে বাদ পরার পর জায়গা হারিয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। এবার ইনজুরিতে পড়েছেন তিনি। এর ফলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে অনেক ম্যাচই মিস করবেন এই বাঁহাতি ওপেনার।
এবারের ডিপিএলে শেখ জামালের হয়ে খেলবেন কায়েস। গতকাল (সোমবার) দলের সঙ্গে অনুশীলন করার সময়ই বাধে বিপত্তি। ফিল্ডিং করার সময় বাঁ পায়ের কনিষ্ঠায় চোট পান তিনি। পরে স্ক্যান করে দেখা যায়, কায়েসের আঙুলের ওপরের দিকের হাড়ে চিড় ধরেছে।
এই চোটের কারনে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কায়েসকে। ফলে এবারের ডিপিএলে নিজেকে প্রমাণের সুযোগ অনেকটাই কমে গেলো তার।
আগামী রোববার থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকার টুর্নামেন্ট হলেও মাঠ সংকট থাকায় প্রথম তিন রাউন্ডের খেলা হবে ঢাকার বাইরে। এই আসরে ভালো করতে প্রচুর পরিশ্রম করার পাশাপাশি ব্যয়াম করে মেদ ঝরিয়েছিলেন ইমরুল। কিন্তু চোট এসে সব যেনো শেষ করে দিল।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























