দারুণ দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। রেকর্ড ৪৮ রানে সহজেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই লড়াইয়ে বিশ্রাম পেতে পারেন তামিম ইকবাল।
তামিমের জায়গায় ওপেনিংয়ে খেলানো হতে পারে মোহাম্মদ নাঈম শেখকে। সোমবার (০৯ মার্চ) প্রথম ম্যাচে বেশ ভাল ব্যাট করেছেন তামিম। ৩৩ বলে খেলেছেন ৪১ রানের ইনিংস। তারচেয়েও বড় কথা লিটন দাসের সঙ্গে গড়েছেন ৯২ রানের জুটি। যা কিনা টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটির নতুন রেকর্ড।
তারপরও নাঈম শেখকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ সামনে, সেই দল গঠনের পথে ম্যাচটাকে প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে গত নভেম্বরে ভারত সফরে দলে ছিলেন না তামিম। তার জায়গায় সুযোগ মেলে নাঈমের। অভিষেক হয় ২০ ওভারের ক্রিকেটে। তিন ম্যাচে করেন ২৬, ৩৬ ও ৮১। জানুয়ারিতে পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। তারপরও তামিম ফেরায় জায়গা পাননি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি একাদশে।
এ অবস্থায় শুধু নাঈম নয়, বুধবারের ম্যাচে আরও পরিবর্তনের কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























