জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০’তে অভিষেক হয়েছিল তরুণ পেসার হাসান মাহমুদের। যদিও বল হাতে উইকেট পাননি। তবে লাইন লেন্থ আর গতিতে মুগ্ধ করেছেন দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদকে। তাইতো ম্যাচের পর তার কণ্ঠে হাসানের গান!
অধিনায়ক হিসেবে কেমন দেখলেন তরুণ এই পেসারকে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে মাহমুদউল্লাহ রিয়াদ তুলে আনেন আন্তর্জাতিক আঙিনায় পা রেখেই হাসানের উচ্ছ্বাস প্রকাশের মুহূর্ত, ‘হাসান মাহমুদ সম্পর্কে একটা ফানি বিষয় বলি, সে প্রথম মাঠে ঢুকেই বলে ওঠে ‘ওয়াও’। ও খুব মজার একটা ছেলে।’
অভিষেক ম্যাচের চাপ সামলানোর গল্প শোনাতে গিয়ে বড় বড় তারকারাও নিজেদের অস্বস্তির কথা বলেছেন বহুবার। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ, দর্শক, টিভি ক্যামেরা, নিজেকে প্রমাণের একটা বাড়তি চাপ থাকেই।
তবে হাসান মাহমুদ এই চাপকে উপভোগ করেছেন বলেই জানান কাপ্তান মাহমুদউল্লাহ, ‘চ্যালেঞ্জটা সে উপভোগ করছিলো। মাঠে যখন কথা হচ্ছিলো সে রিলাক্স ছিল। এটা ভালো একটি নিদর্শন। আমার যখন অভিষেক হয় তখনও কিন্তু নার্ভাসনেস কাজ করেছিল একটু।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























