করোনাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহের জন্য চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচ স্থগিত করেছে উয়েফা। শুক্রবার (১৩ মার্চ) এই ঘোষণা দেয় ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা বনাম নাপোলি এবং বায়ার্ন মিউনিখ বনাম চেলসির ম্যাচের সময়সূচি ছিল। তবে করোনাভাইরাসের কারণে ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
তার আগে উয়েফা কর্তৃক স্থগিত হয় রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস বনাম লিঁও’র চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ।
কেবল চ্যাম্পিয়নস লিগ নয়, চলতি ইউরোপা লিগের জন্যও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লাস্কের শেষ ষোলোর দ্বিতীয় লেগটি ১৯ মার্চ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর কারণে উয়েফার সকল প্রতিযোগিতার সময়সূচি আগামী সপ্তাহ পযর্ন্ত স্থগিত করা হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























