ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির যে জায়গা পাওয়া কঠিন সেটা আরেকবার মনে করিয়ে দিলেন সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।
আহমেদাবাদে সংবাদমাধ্যমকে শেবাগ বলেন, ‘সে কোথায় (কোন পজিশন) খেলবে? লোকেশ রাহুল, ঋষভ পন্তরা বেশ আগে থেকেই ফর্মে আছে। বিশেষ করে লোকেশ তো সাম্প্রতিক সময়ে খুব ভালো করছে। আমি মনে করি তাদের পরিকল্পনায় না রাখার কোনো কারণ নেই।’
গত বিশ্বকাপে ভারত বিদায় নেওয়ার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। ৩৮ বছর বয়সী সাবেক এ অধিনায়ক অবসরও নেননি। জাতীয় দলে কবে ফিরবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে প্রচুর।
প্রধান কোচ রবি শাস্ত্রী এর আগে বলেছিলেন, ‘আইপিএলে ধোনির পারফরম্যান্স দেখে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।’ কিন্তু করোনাভাইরাস আতঙ্কে পিছিয়ে গেছে আইপিএল। কবে মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই।
গত বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন দেশটির ইতিহাস সেরা অধিনায়ক ধোনি। এরপর থেকেই আছেন মাঠের বাইরে আছেন। মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওতে দেখা যায় তাকে, সোশ্যাল মিডিয়া সরগরম হয়।
সে দিন যেমন দেখা গেল, সতীর্থ রূদ্রপ্রতাপ সিং ও পীযূষ চাওলাকে নিজেই ফুচকা বানিয়ে খাওয়াচ্ছেন। আরেকটা ভিডিওতে দেখা গেল কীভাবে স্ত্রীকে সন্তুষ্ট রাখা যায়, সে টোটকা বাতলে দিচ্ছেন উপস্থিত দর্শকদের মধ্যে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























