প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের স্থবির হয়ে গেছে গোটা বিশ্ব। একই সঙ্গে থমকে গেছে ক্রীড়াজগত। এই ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপ জুড়ে। ইতিমধ্যেই ইউরোপের শীর্ষস্থানীয় পাঁচ লিগ বন্ধ। নামি-দামি ক্লাবগুলোর খেলোয়াড়দের এখন সময় কাটছে স্বেচ্ছা আইসোলেশনে।
তাই বলে মৌসুমের মাঝপথে কি শুধুই অবসরে সময় কাটাচ্ছেন ফুটবলাররা! না তেমনটা নয়। নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা। বাসায় বসে তাই একটা নতুন অনলাইন চ্যালেঞ্জ শুরু করেছেন তারা। সেটার নাম টয়লেট পেপার চ্যালেঞ্জ। এই তালিকায় এবার নাম লেখালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও আপলোড করেন মেসি। সেখানে দেখা যায়, সাদা একটা টয়লেট রোল নিয়ে জাগল করে চলেছেন তিনি। মেসির দক্ষতা দেখে কে বলবে, ওটা টয়লেট পেপার? অনলাইন চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী মাত্র ১০ বার জাগল করতে বলা হলেও, ফুটবল জাদুকর সেখানে ১৯ বার জাগল করেন।
https://youtu.be/4EjuSxX7uLU
এরপর জাভি হার্নান্দেজ, লুইস সুয়ারেজ, সার্জিও আগুয়েরো ও জর্দি আলবাকে একই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান মেসি। সেটার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সর্বত্র।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























