প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্ব ক্রিকেটে ক্রিকেটে সবচেয়ে বড় ও আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই স্থগিত।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএলের ১৩তম আসর। এমনকি এ আসর এবার অনুষ্ঠিত হবে কিনা- তা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তার আশা দ্রুত করোনাভাইরাস সমস্যার সমাধান শেষে শুরু হবে আইপিএল।
আইপিএলের আসন্ন আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন স্টোকস। আইপিএলের ১৩তম আসরে ইংল্যান্ডের ১৩জন খেলোয়াড় অংশ নিবেন। করোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। যা শেষ হবে আগামী ১৫ এপ্রিল। আইপিএলও স্থগিত রয়েছে ওই তারিখ পর্যন্ত।
বেন স্টোকস বলেছেন, ‘এই মুহূর্তে আমার পরবর্তী প্রতিযোগিতামূলক ক্রিকেট হতে চলেছে আইপিএল। এটি এখনো পরিবর্তন হয়নি, তাই আমাকে ভাবতে হবে আগামী ২০ এপ্রিল থেকে আমি আইপিএল খেলব।’
গেল সপ্তাহে, আগামী মে মাস পর্যন্ত নিজ দেশের কাউন্টি মৌসুম স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনাভাইরাসের কারণে শ্রীলংকা সফর স্থগিত হয় ইংল্যান্ডের।
আইপিএল কর্তৃপক্ষ এখনো তাদের টুর্নামেন্ট বাদ বা শুরুর কোন নির্দিষ্ট সময় জানাতে পারেনি। তাই টুর্নামেন্ট যদি শুরু হয়ে যায় এজন্য নিজেকে প্রস্তুত রাখছেন স্টোকস।
তিনি বলেন, ‘আমি জানি সম্ভবত খেলা হবে না, তারপরও আমার চিন্তায় রাখতে হবে আমি খেলব। আমি নিজেকে তৈরি করছি এবং শারীরিকভাবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমি ভালো করতে পারি। আমি তিন সপ্তাহ ছুটি নিতে পারি না। আশা করছি, ২০ এপ্রিলের মধ্য শরীর ঠিক হয়ে যাবে। টুর্নামেন্ট হতেও পারে না-ও হতে পারে। তবে যদি এটি না হয় তবে আমি পিছিয়ে পড়তে চাই না। আমাদের অনেক পরামর্শ দেয়া হবে এবং যদি যাবার সুযোগ থাকে তবে আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























