করোনায় আক্রান্ত হয়ে সোমবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রে ৫৪০ জন মারা গেছেন। দেশটিতে করোনা শনাক্তের পর এটিই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেল। এতে করে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ১৬৬ জনে।
দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজার ২৫৩ জন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন হাজার পাঁচশ ১২ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি বিবেচনায় রেখে এক হাজার শয্যাবিশিষ্ট নৌ-বাহিনীর ভাসমান হাসপাতাল আশার আলো দেখাচ্ছে নিউইয়র্কের বাসিন্দাদের।
জানা গেছে, তেলের জাহাজ নতুনভাবে রঙ করে করোনা মোকাবেলার লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহাজটি ভেসে যাওয়ার সময় নিউইয়র্ক এবং নিউজার্সির বাসিন্দারা হাডসন নদীর তীরে দাঁড়িয়ে উল্লাস করছিল।
মার্কিন নৌ-বাহিনী বলছে, করোনায় আক্রান্ত হয়নি, এমন রোগীদের ওই জাহাজে চিকিৎসা দেয়া হবে। যাদের সার্জারি দরকার এবং বিশেষ সেবা দরকার, তাদের ঝুঁকিমুক্ত রাখতে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে এসে চিকিৎসা দেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























