মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা হু-হু করে বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১ জন চিকিৎসক রয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। সিএনএন জানায়, মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৪১ জনই দেশটির লম্বার্দি অঞ্চলের।
এছাড়া ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট’র বরাতে সিএনএন আরো জানায়, দেশটিতে মোট ৮ হাজার ৯৫৬ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, কোভিড-১৯ মহামারিতে ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৬২০ জন।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























